ইউল্যাবে ঢাকাইয়া উপভাষার ভাষাতাত্ত্বিক বৈচিত্র্য নিয়ে বিশেষ সেমিনার অনুষ্ঠিত
ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)-এর বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের উদ্যোগে ১৭ ডিসেম্বর ২০২৫, বুধবার “ক্ষেত্র ভাষাতত্ত্ব: ঢাকাইয়া উপভাষার ভাষাতাত্ত্বিক বৈচিত্র্য” শীর্ষক একটি বিশেষ সেমিনার সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। সেমিনারটি ইউল্যাব ক্যাম্পাসের পিডি–২০১ নম্বর কক্ষে দুপুর ১২:১৫ মিনিট থেকে ১:৩৫ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হয়।
বাংলা বিভাগের জ্যেষ্ঠ প্রভাষক ও কো-অর্ডিনেটর সাদিয়া আফরিনের তত্ত্বাবধানে পরিচালিত ‘প্রায়োগিক ভাষাবিজ্ঞান’ (BLL 3202) কোর্সের আওতায় শিক্ষার্থীরা সম্প্রতি পুরান ঢাকার নারিন্দা, বাংলা বাজার, বিউটি বোর্ডিং ও গেন্ডারিয়া অঞ্চলে ক্ষেত্রভিত্তিক ভাষাতাত্ত্বিক গবেষণা সম্পন্ন করেন। এ গবেষণায় পুরান ঢাকার কুট্টি ও সোব্বাসী (খোশবাসী) ভাষার ধ্বনিতাত্ত্বিক, রূপতাত্ত্বিক ও ব্যবহারিক বৈচিত্র্য বিশ্লেষণ করা হয়।
সেমিনারে শিক্ষার্থীরা তাঁদের গবেষণালব্ধ অভিজ্ঞতা, ক্ষেত্রকর্মের চ্যালেঞ্জ এবং সংগৃহীত ভাষাতাত্ত্বিক তথ্য উপস্থাপন করেন। উপস্থাপনার মাধ্যমে ঢাকাইয়া উপভাষার স্বতন্ত্র ভাষিক বৈশিষ্ট্য, সামাজিক প্রভাব এবং স্থানীয় ভাষা সংরক্ষণের গুরুত্ব তুলে ধরা হয়। পাশাপাশি স্থানীয় ভাষা ও উপভাষা বিষয়ক একটি তথ্যচিত্র প্রদর্শিত হয়, যা উপস্থিত দর্শকদের বিশেষভাবে আগ্রহী করে তোলে।
সেমিনারে বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের সম্মানিত উপদেষ্টা অধ্যাপক ড. শামীম রেজাসহ বিভাগের সম্মানিত শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় বিভাগের শিক্ষকবৃন্দ শিক্ষার্থীদের উদ্দেশ্যে মূল্যবান বক্তব্য প্রদান করেন এবং ক্ষেত্র ভাষাতত্ত্বভিত্তিক গবেষণার গুরুত্ব ও ভবিষ্যৎ সম্ভাবনা সম্পর্কে দিকনির্দেশনা দেন।
সেমিনারের শেষ পর্বে একটি উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়, যেখানে শিক্ষক, শিক্ষার্থী ও অংশগ্রহণকারীরা স্থানীয় ভাষা, উপভাষার পরিবর্তন এবং ভবিষ্যৎ গবেষণার সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেন। এ আয়োজন শিক্ষার্থীদের ব্যবহারিক গবেষণার দক্ষতা উন্নয়নের পাশাপাশি স্থানীয় ভাষা ও সংস্কৃতি বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
উপভাষা সংক্রান্ত এই বিশেষ সেমিনারের কিছু স্মরণীয় মুহূর্ত নিচে ছবিতে তুলে ধরা হলো।