ভাষা, সাহিত্য ও চলচ্চিত্র বিষয়ক সেমিনার ২০২৬ (পর্ব–১) ইউল্যাবে অনুষ্ঠিত

ভাষা, সাহিত্য ও চলচ্চিত্র বিষয়ক সেমিনার ২০২৬ (পর্ব–১) ইউল্যাবে অনুষ্ঠিত

Publish Date: 
Monday, February 9, 2026

ভাষার মাস ফেব্রুয়ারি, মুসলিম সাহিত্য সমাজের শতবর্ষ এবং প্রখ্যাত চলচ্চিত্রকার ঋত্বিক ঘটকের জন্মশতবার্ষিকী উপলক্ষে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ULAB)-এর বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের উদ্যোগে গত ৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে দিনব্যাপী “ভাষা, সাহিত্য ও চলচ্চিত্র বিষয়ক সেমিনার ২০২৬ (পর্ব–১)” অনুষ্ঠিত হয়েছে।

ইউল্যাব ক্যাম্পাসে আয়োজিত এ সেমিনারটি চারটি সেশনে অনুষ্ঠিত হয়। প্রতিটি সেশনে ভাষা, সাহিত্য, সংস্কৃতি ও চলচ্চিত্রের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

প্রথম সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রাক্তন অধ্যাপক বেগম আকতার কামাল মুসলিম সাহিত্য সমাজের শতবর্ষ উপলক্ষে “মুসলিম সাহিত্য–সমাজ: নারীর শিক্ষা ও সাহিত্যিক পরিসর” শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন। দ্বিতীয় সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগের অধ্যাপক সৌরভ সিকদার “বাংলাদেশের আদিবাসী ভাষা ও সংস্কৃতি” বিষয়ে বক্তব্য প্রদান করেন।

দুপুরের তৃতীয় সেশনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের অধ্যাপক শামীম রেজা ঋত্বিক ঘটকের জন্মশতবার্ষিকী উপলক্ষে “ঋত্বিক ঘটক ও থিও এনজেলোপলসের চলচ্চিত্র: তুলনামূলক পাঠ” বিষয়ে আলোচনা করেন। চতুর্থ ও শেষ সেশনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক অনিরুদ্ধ কাহালি “বাংলাদেশের সাহিত্য: পরিপ্রেক্ষিত ও প্রবণতা” বিষয়ে বক্তব্য রাখেন।

সেমিনারে ইউল্যাবের শিক্ষকবৃন্দ ছাড়াও ইউল্যাবের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীবৃন্দ ও গবেষকরা অংশগ্রহণ করেন। আলোচকরা ভাষা, সাহিত্য ও চলচ্চিত্রের পারস্পরিক সম্পর্ক এবং সমকালীন প্রেক্ষাপটে এসব বিষয়ের গুরুত্ব তুলে ধরেন।

আয়োজকদের মতে, ভাষার মাস ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত এই সেমিনার ভাষা ও সংস্কৃতিচর্চাকে নতুনভাবে ভাবার একটি গুরুত্বপূর্ণ পরিসর তৈরি করেছে।