ইউল্যাবে সামার স্কুল অনুষ্ঠিত ও এর নতুন নির্বাহী কমিটি ঘোষণা

ইউল্যাবে সামার স্কুল অনুষ্ঠিত ও এর নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Publish Date: 
Tuesday, August 18, 2026

ঢাকা, ১৪ আগস্ট ২০২৬

প্রাক্-আধুনিক ভারতীয় ভাষা ও সাহিত্যের চর্চা ও গবেষণাকে উৎসাহিত করতে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)-এর বাংলা ভাষা ও সাহিত্য বিভাগ প্রথমবারের মতো সামার স্কুল ২০২৬-এর আয়োজন করেছে। এ আয়োজনের অংশ হিসেবে “Beginning from the Middle: A Daylong Workshop on Premodern Indic Languages and Literatures, 2026” শিরোনামে দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়, যেখানে সংস্কৃত, পালি, কড়া ও মধ্যযুগের বাংলা ভাষার পাণ্ডুলিপি এবং সাহিত্যিক ঐতিহ্য নিয়ে নিবিড় আলোচনা হয়। উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইউল্যাবের সম্মানিত উপাচার্য অধ্যাপক ড. শামসাদ মর্তুজা এ উদ্যোগকে সাধুবাদ জানান। তিনি বলেন, “প্রাক্-আধুনিক ভাষা ও সাহিত্যের মতো মৌলিক বিষয়ে ইউল্যাবে প্রথমবার এ ধরনের উদ্যোগ গৃহীত হওয়া অত্যন্ত আনন্দের ও গর্বের বিষয়। এ আয়োজন আমাদের শিক্ষাবিদ ও গবেষকদের একাডেমিক গবেষণায় নতুন এক মাত্রায় যুক্ত করবে।” অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের বিশিষ্ট শিক্ষক ও গবেষকগণ রিসোর্স পারসন হিসেবে অংশ নেন। সময় ও সক্ষমতার সীমাবদ্ধতার কারণে এবার মূলত ইউল্যাব ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত শিক্ষার্থীদেরই অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়েছে।

পরবর্তীতে এই ​আয়োজনটি পরিচালনার লক্ষ্যে ‘গ্রীষ্মের পাঠশালা-২০২৬’-এ একটি নতুন কার্যকরী পরিষদও ঘোষণা করা হয়। এই কমিটিতে উপদেষ্টা হিসেবে রয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি অনুষদের অধ্যাপক ড. শামীম রেজা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক ড. শহিদুল হাসান। কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন যুক্তরাষ্ট্রের কর্নেল বিশ্ববিদ্যালয়ের ভাষা সম্পদ কেন্দ্রের বিদ্যায়তনিক প্রকল্প সমন্বয়ক ড. আহমেদ শামীম এবং সহ-সভাপতি পদে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক নাজমুল হোসেন। এছাড়া সাধারণ সম্পাদক হিসেবে ইউল্যাবের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের অন্তর্বর্তীকালীন প্রধান ও জ্যেষ্ঠ প্রভাষক শারমিনুর নাহার এবং সহ-সাধারণ সম্পাদক হিসেবে একই বিভাগের জ্যেষ্ঠ প্রভাষক ও বিভাগীয় সমন্বয়ক সাদিয়া আফরিন দায়িত্ব গ্রহণ করেছেন।

​নবগঠিত কমিটির সভাপতি ড. আহমেদ শামীম এ উদ্যোগ প্রসঙ্গে বলেন, “বাংলাদেশে এবারই প্রথম প্রাক্-আধুনিক ভারতীয় ভাষা ও সাহিত্যকে কেন্দ্র করে এই সামার স্কুলের সূচনা হলো, এবং ইউল্যাব থেকেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এটি কেবল একটি কর্মশালা হিসেবে না, প্রাচীন ও মধ্যযুগের ভাষা, পাণ্ডুলিপি এবং সাহিত্য ঐতিহ্য সংরক্ষণে তরুণ গবেষকদের অনুপ্রাণিত করার একটি চেষ্টা” আয়োজকরা প্রত্যাশা প্রকাশ করেন, সীমিত পরিসরে শুরু হওয়া এই সামার স্কুল ভবিষ্যতে একটি নিয়মিত বার্ষিক আয়োজন এবং একাধিক দিনব্যাপী পূর্ণাঙ্গ একাডেমিক প্রোগ্রামে রূপ নেবে, যা আন্তর্জাতিক পর্যায়ে একাডেমিক বিনিময় ও গবেষণার নতুন দুয়ার উন্মোচন করবে।