ইউল্যাব বাংলা ভাষা ও সাহিত্য (বিএলএল) বিভাগ “আদিবাসী সংস্কৃতি ও সম্প্রদায়ের সহনশীলতা” শীর্ষক গবেষণা সেমিনার
ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ULAB)-এর বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের উদ্যোগে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের রিসার্চ ফেলোশিপের আওতায় পরিচালিত একটি গুরুত্বপূর্ণ যৌথ নৃতাত্ত্বিক গবেষণা সম্প্রতি সম্পন্ন হয়েছে। গবেষণার শিরোনাম ছিল ‘মাতৃসূত্রীয় সমাজে ভাষা, সংস্কৃতি ও আদিবাসী উপাদানের সংরক্ষণ: বাংলাদেশের মধুপুর গড়ের গাড়ো নৃগোষ্ঠীর উপর একটি নৃতাত্ত্বিক অধ্যয়ন’।
বাংলাদেশের মধুপুর গড়ের মান্দি সম্প্রদায়ের মাতৃসূত্রীয় সামাজিক কাঠামোর ভেতর দিয়ে কীভাবে তাদের নিজস্ব ভাষা, লোকসংস্কৃতি এবং আদিবাসী উপাদান সংরক্ষিত ও চর্চিত হয়ে আসছে, তা এই গবেষণায় গভীরভাবে খতিয়ে দেখা হয়েছে। মূলত সিনিয়র লেকচারার ও চলচ্চিত্র নির্মাতা লাবনী আক্তারের প্রাথমিক ধারণা ও গবেষণামূলক ভাবনা থেকে এই প্রজেক্টের সূচনা হয়। পরবর্তীতে একটি শক্তিশালী যৌথ উদ্যোগ হিসেবে গবেষণাটি পূর্ণতা পায়।
গবেষণাটি যৌথভাবে পরিচালনা করেছেন বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের অন্তর্বর্তীকালীন প্রধান ও সিনিয়র লেকচারার বেগম শারমিনুর নাহার, সিনিয়র লেকচারার ও চলচ্চিত্র নির্মাতা লাবনী আক্তার এবং বিশিষ্ট আদিবাসী গবেষক মুন্নী মেরিনা চিরান।
এই গবেষণাভিত্তিক আয়োজনের অংশ হিসেবে সম্প্রতি একটি বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রত্নতত্ত্ব ও জাদুঘর অনুবিভাগের যুগ্ম সচিব দীপংকর বিশ্বাস। সেমিনারে সভাপতিত্ব করেন বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের উপদেষ্টা ড. শামীম রেজা। এছাড়া অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের সম্মানিত শিক্ষকবৃন্দ এবং শিক্ষার্থীবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত ছিলেন।
এ ধরনের প্রায়োগিক ও সমাজ-সচেতন গবেষণা এবং প্রাণবন্ত সেমিনার আমাদের বিভাগের শিক্ষক ও গবেষকদের অ্যাকাডেমিক উৎকর্ষ এবং আদিবাসী জনগোষ্ঠীর সংস্কৃতি সংরক্ষণের প্রতি প্রতিশ্রুতিরই এক অনন্য প্রতিফলন। বাংলা বিভাগ ভবিষ্যতেও এ ধরনের গবেষণাধর্মী উদ্যোগকে সবসময় উৎসাহিত করে যাবে।